কেনো মুশফিককে আরেকটি সেঞ্চুরির সুযোগ দেয়া হলো না

শততম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করা ক্রিকেটার এখনো মাত্র একজন—২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কীর্তিটি গড়েছিলেন রিকি পন্টিং। আয়ারল্যান্ডের বিপক্ষে সেই সুযোগ এসেছিল মুশফিকুর রহিমের সামনেও।

প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি করেন তিনি। কিন্তু চতুর্থ দিনে দ্বিতীয় সেশনে মাত্র ১০ মিনিট ব্যাটিং করার পরই ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক নাজমুল হোসেন। তখন অপরাজিত ছিলেন মুশফিক, রান ৫৩।

কেন তাঁকে সেঞ্চুরির সুযোগ দেওয়া হলো না—দিন শেষে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তাঁর ভাষায়, ‘যেহেতু এটা একটা টিম গেম, এখানে ব্যক্তিগত জিনিস চিন্তা করে না। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি, ব্যক্তিগত পারফরম্যান্স করলেই দলের পারফরম্যান্সটা হয়। কিন্তু এমন একটা পরিস্থিতি ছিল যে আমাদের ইতিমধ্যে ৫০০ রান হয়ে গেছে এবং আমরা বিশ্বাস করি, আয়ারল্যান্ডের ১০টা উইকেট নিতে আমাদের যেই ওভারটা ছিল, তা দরকার।’

তখনো ম্যাচে অনেক সময় বাকি ছিল। প্রায় দেড় দিন সময় হাতে থাকায় তাঁদের ১০ উইকেট নেওয়ার সুযোগ যথেষ্টই ছিল। তবে মুমিনুল হক ৮৭ রানে আউট হতেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

আশরাফুল বললেন, ‘হ্যাঁ, চাইলে আরও এক ঘণ্টা খেলানো যেত। কিন্তু জিনিসটা সুন্দর লাগত না স্পিরিট অব ক্রিকেটে। হয়তো এ কারণেই ম্যানেজমেন্ট এমন সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু মুমিনুল কাছাকাছি ছিল, তাকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সে করতে পারেনি। সেই কারণেই আসলে আর খেলা হয়নি।'