২৮তম গাকৃবি দিবস উদযাপন

গাকৃবি ৯৩ ফসলের জাত ও ২০ প্রযুক্তি উদ্ভাবন করেছে

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৯৩টি ফসলের জাত ও ২০টির বেশি প্রযুক্তি উদ্ভাবন করেছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

নানা আয়োজনে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম বিশ্ববিদ্যালয় দিবস। ১৯৯৮ সালের এই দিনে ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ ইন অ্যাগ্রিকালচার (ইপসা) থেকে দেশের ১৩তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে গাকৃবি। গাকৃবির বিজ্ঞানীরা এ যাবৎ ৯৩টি ফসলের উন্নত জাত এবং ২০টির বেশি কার্যকরী প্রযুক্তি উদ্ভাবন করে এ বিশ্ববিদ্যালয়কে অধিক সমৃদ্ধ করেছেন।

দিবসটি উপলক্ষে গতকাল সকাল সাড়ে ৯টায় ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন ভিসি। পরে সকাল ১০টায় প্রশাসনিক ভবনসংলগ্ন ৩৬ জুলাই চত্বর থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও মাঠকর্মীদের অংশগ্রহণে আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার ওই চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে দিবসের ওপর সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি প্রফেসর ড. এম ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা।