চট্টগ্রামের রাউজান উপজেলায় এবার গোয়ালঘর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাতে সুলতানপুর সরকারপাড়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবু সাইদ (৩৭)। তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, অভিযানে প্রথমে আবু সাইদের থেকে ৫টি পিস্তলের গুলি এবং ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে গোয়ালঘর থেকে একটি দেশি বন্দুক ও চারটি শটগানের গুলি উদ্ধার করা হয়। এর আগেও তার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, গ্রেপ্তার আবু সাইদ দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসাসহ নানা অপরাধে জড়িত ছিলেন। রবিবার (২৩ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ৭ নভেম্বর একই উপজেলার চৌধুরীহাট বাজারসংলগ্ন আইয়ুব আলী সওদাগরের বাড়ির পেছনের পুকুর সেচে একটি চায়নিজ রাইফেল, একটি শটগান ও সাতটি গুলি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া এসব অস্ত্র-গুলি গত বছরের ৫ আগস্ট থানা থেকে লুট হয়েছিল। এরপর ১৭ নভেম্বর একই উপজেলা থেকে বিদেশি পিস্তল, ৪টি এলজি, ১টি রাইফেল, ১১টি গুলিসহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে বিদেশি পিস্তল, রাইফেল এবং আটটি গুলি উদ্ধার করা হয়েছে পুকুর সেচে।