নীলফামারীর উত্তরা ইপিজেড রক্ষার্থে এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া সনিক বাংলাদেশ লিমিটেড কারখানা দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা।
গতকাল রবিবার বেলা ১১টার দিকে ইপিজেডের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন হয়। মানববন্ধন শেষে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (উত্তরবঙ্গ)-এর নির্বাহী পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন শ্রমিক নাজমুল হোসেন, শরিফুল ম-ল, রাবেয়া বেগম, আসমা বেগম, ইয়াসমিন, রুবেল রানা, আব্দুর রহমান, সুজন ইসলাম প্রমুখ। তারা বলেন, আমাদের এই কারখানা শুধু একটি কর্মস্থল নয়, এটি আমাদের জীবিকা, আমাদের পরিবারের স্বপ্ন আর ভবিষ্যতের ভরসাস্থল। কারখানার শান্তি, স্থিতিশীলতা আর সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখার দায়িত্ব আমাদেরই। কিন্তু কিছু ব্যক্তি বা গোষ্ঠী ব্যক্তিগত স্বার্থে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। আমাদের উচিত নিজেদের ও পরিবারের স্বার্থে, কারও উস্কানির ফাঁদে পা না দেওয়া। তারা আরও বলেন, আমরা আর কোনো বিশৃঙ্খলা চাই না। আমরা আমাদের কর্মস্থল চাই, আর কোনো আন্দোলন চাই না। ইপিজেড চললে শ্রমিক বাঁচবে, শ্রমিক বাঁচলে পরিবার বাঁচবে।
প্রসঙ্গত, ২৬ দফা দাবি নিয়ে গত ১৬ নভেম্বর থেকে আন্দোলন শুরু করেছিলেন সনিক কারখানার শ্রমিকরা। ১৭ নভেম্বর মালিকপক্ষ তাদের বেশিরভাগ দাবি মেনে নিলেও কয়েকজন এতে অসন্তুষ্ট হন। ১৮ নভেম্বর সনিক বাংলাদেশ লিমিটেডের শতাধিক শ্রমিক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেন। কাজে যোগদান না করার কারণে ও উৎপাদনে ঘাটতি হওয়ায় সেদিন কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিস জারি করেন।