ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী বাজার ও পরমেশ্বরদী ইউনিয়নের পশ্চিমপাড়ায় হামলা চালিয়ে বাড়িঘরে ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার সকালে পাশের উপজেলা সালথার খারদিয়া ও বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী গ্রামের একাংশের কয়েকশ লোক দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
জানা যায়, গতকাল সকাল ৭টার দিকে কয়েকশ লোক হঠাৎ করেই তেলজুড়ী বাজার ও পরমেশ্বরদী পশ্চিমপাড়ায় ঢুকে রামদা, ঢাল, সড়কি, টেঁটা, বল্লম ও লাঠি নিয়ে গ্রামবাসীর ওপর চড়াও হয়। দেশীয় অস্ত্র ও ইটপাটকেলের আঘাতে আহত হয় অন্তত ২৫ জন। এর মধ্যে ১৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। এ ছাড়া পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলায় গুরুতর আহতদের মধ্যে রয়েছে আফতাব, নাদেন, লিপটন শিকদার, রেজাউল, বিপ্লব, অহিদ ও ইউনুস। এ সময় তেলজুড়ী গ্রামের ১৮টি ঘরবাড়ি ও ৫টি দোকানে ভাঙচুর এবং লুট করা করা হয়।
এদিকে এই হামলার ঘটনায় দুটি বক্তব্য পাওয়া গেছে। একটি সূত্র বলছে, গত ১২ সেপ্টেম্বর তেলজুড়ীতে নৌকাবাইচ ও মেলায় স্থানীয়দের সঙ্গে খারদিয়া গ্রামের কয়েকজনের হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে গতকালের হামলা, ভাঙচুর ও লুটের ঘটনা ঘটে।
তবে অন্য একটি সূত্রে জানা গেছে, নদীতে গোসল করা নিয়ে গত ১৬ নভেম্বর পরমেশ্বরদী ইউনিয়নের চরপাড়া গ্রামের রাকিব শেখের ছেলে রাজ (৭) ও হারুন শেখের ছেলে রহমতের মধ্যে (১০) মারামারি হয়। এর জের ধরে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী বাজার ও পরমেশ্বরদী পশ্চিমপাড়া এলাকায় অতর্কিত হামলা চালায় সালথা উপজেলার খারদিয়া ও বোয়ালমারীর পরমেশ্বরদী গ্রামের একাংশের মানুষ। হামলাকারীরা গ্রামে ঢুকে বাড়িঘর ভাঙচুর করে ব্যাপক লুট চালায়। এ সময় তারা গবাদি পশু, গহনা, ফসল ও টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তেলজুড়ী বাজার এলাকার ইলিয়াস মোল্লা বলেন, ‘খারদিয়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আমাদের গ্রামে এসে অতর্কিত হামলা চালিয়েছে। এতে বহু মানুষ মারাত্মক আহত হয়েছে।’
এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে দ্রুত যৌথ বাহিনী পাঠানো হয়েছে।
পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সহকারী পুলিশ সুপার (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী সার্কেল) আজম খান বলেন, ‘ভিডিও ফুটেজ দেখে আমরা প্রকৃত দোষীদের আটক করব। এ ঘটনায় মামলা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। দুজনকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’