‘অনেক ওলামায়ে কেরাম হয়রানির শিকার হয়েছেন’

বিগত সরকারের সময়ে অনেক ওলামায়ে কেরাম অন্যায়ভাবে হয়রানির শিকার হয়েছেন। পরে দেখা গেছে অভিযোগগুলোর কোনো সত্যতা ছিল না।

গত রবিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বাছট বৈলতলা মোকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষা সমাপনী অনুষ্ঠান উপলক্ষে মাদ্রাসার হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাটুরিয়া থানার ওসি এ আর এম আল মামুন।

ওসি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে ইসলামের খেদমতে নিয়োজিত, সেখানে কেউ জঙ্গি হয় না। তারপরও খোঁজখবর রাখা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। তিনি আরও বলেন, ‘ইসলামের শিক্ষা ও মানবিক মূল্যবোধ যদি মানুষ অর্জন করে, তাহলে অপরাধ প্রবণতা কমে যায়। মামলা, হামলা, চুরি, ডাকাতি, মাদক এসব কিছুর মূলে রয়েছে ইসলামি শিক্ষার অভাব।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাছট বৈলতলা মোকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসার অঙ্গ প্রতিষ্ঠান শহীদ স্মৃতি প্রি-ক্যাডেট মাদ্রাসার অবৈতনিক মহাপরিচালক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান। স্বাগত বক্তব্য দেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শামসুর রহমান পিন্টু। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম হাফেজ কারি আব্দুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা উপস্থিত ছিলেন।