সাতক্ষীরার শ্যামনগরে গৃহপ্রবেশ অনুষ্ঠানে পিঠা খেয়ে ১১ জন অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রমজাননগর এলাকায় এ ঘটনা ঘটে।
অসুস্থরা হলেন- সুমাইয়া (২২), আইজা (০২), মেহজাবিন (১০), সামিয়া (০৪), আকলিমা (৩৫), জান্নাতি (১৫), আইয়ুব খান (৬০), আজিহা (০১), শারমিন (২৩), মিতা (৩৫) ও উম্মে হাবিবা (২১)।
অনুষ্ঠানের আয়োজক পরিবারটির বরাতে শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বিপ্লব হোসেন জানান, অসুস্থদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা দ্রুত পাকস্থলী পরিষ্কারসহ প্রয়োজনীয় চিকিৎসা দেন। বেশিরভাগের অবস্থা এখন স্থিতিশীল পর্যায়ে থাকলেও তাদের হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিকভাবে এটি ভুলবশত একটি দুর্ঘটনা মনে হচ্ছে।
পরিবারের বরাতে স্থানীয় রমজাননগর চেয়ারম্যান আল মামুন বলেন, নতুন ঘর তৈরির আনন্দে পরিবারের মেয়ে, জামাই, নাতি-পুতিদের দাওয়াত করা হয়। বিকেলে পিঠা তৈরির সময় রান্নাঘরে রাখা দানাদার কীটনাশককে কালোজিরা ভেবে মিশিয়ে ফেলেন পরিবারের সত্তোরোর্ধ্ব বয়োবৃদ্ধা জুলেখা বিবি। পিঠা খাওয়ার কিছুক্ষণ পরই উপস্থিত সবাই বমি, মাথা ঘোরা ও পেট ব্যথাসহ বিষক্রিয়ার উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকির হোসেন বলেন, আমরা রোগীদের হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে দ্রুত চিকিৎসা শুরু করি। উপসর্গ দেখে বোঝা গেছে খাবারের সঙ্গে কীটনাশক জাতীয় কিছু মিশে গেছে। এখন সবাই পর্যবেক্ষণে রয়েছে।