রোহিঙ্গাদের জন্য দ. কোরিয়ার ৫০ লাখ ডলার অনুদান

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৫০ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। এ সহায়তা আট বছরের বেশি সময় ধরে রোহিঙ্গা শরণার্থীর জন্য জরুরি সেবা নিশ্চিত করবে। গতকাল মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অর্থায়নে আইওএম অত্যন্ত ঘনবসতিপূর্ণ সাতটি ক্যাম্পে জীবনরক্ষাকারী পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) কার্যক্রম জোরদার করবে এবং ১৭টি ক্যাম্পের ৪১ হাজার ৫০০ রোহিঙ্গা পরিবারের জন্য নিয়মিতভাবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহের মাধ্যমে নিরাপদ রান্নার জ্বালানি নিশ্চিত করবে।