পাচারকালে টেকনাফে ২৮ জন উদ্ধার

টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারকালে নারী, শিশুসহ ২৮ জনকে উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে বলেন, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক ব্যক্তি টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাটসংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার মধ্যরাতে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও পুলিশের সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৮ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশযাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল।

অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।