লক্ষ্মীপুরে যুবদলকর্মীর হাতে বিএনপিকর্মী খুন

লক্ষ্মীপুরের রামগঞ্জে চাঁদা না দেওয়ায় আনোয়ার হোসেন (৪৫) নামের এক বিএনপিকর্মীকে দেশীয় অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে ইউসুফ হোসেন নামের এক যুবদলকর্মী। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকান্ডের শিকার আনোয়ার হোসেন সাহারপাড়া এলাকার মজিবুল হকের ছেলে ও বিএনপিকর্মী। অভিযুক্ত ইউসুফ হোসেন একই গ্রামের এরশাদ মিয়ার ছোট ছেলে ও যুবদলকর্মী বলে জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি।

আনোয়ারের স্ত্রী ফারজানা আক্তার সাথী ও তার নিকটাত্মীয়রা জানান, আনোয়ার হোসেন তার শ্যালককে বিদেশ পাঠানোর জন্য একটি সংস্থা থেকে ২ লাখ টাকা নেন। এ খবর জানতে পেরে ইউনিয়ন যুবদলকর্মী ইউসুফসহ আরও তিনজন আনোয়ারের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় গতকাল সকালে ইউসুফ তার লোকজন নিয়ে দোকানে ঢোকে আনোয়ার হোসেনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানার ওসি আবদুল বারী জানান, তর্কাতর্কির একপর্যায়ে আনোয়ার হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার কারণেই তার মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কুষ্টিয়ার পদ্মায় বালুর টাকা তুলতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজের ৯ দিন পর শ্রমিক দলের কুষ্টিয়া সদর উপজেলার সাধারণ সম্পাদক আবেদুর রহমান আন্নুর (৫৩) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় ফরিদপুরের কবিরপুর নামক এলাকার চরে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নৌ-পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করে। এ সংবাদ পেয়ে নিহতের পরিবারের সদস্যরা মরদেহের পোশাক দেখে শনাক্ত করেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। এর আগে গত ১৬ নভেম্বর কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকার পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হন আন্নু। গতকাল স্থানীয় নৌ-ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাসিম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় হত্যাকান্ডের শিকার হয়েছেন জাকির হোসেন (৪২) নামের এক যুবক। গতকাল ভোরে চান্দহর এলাকার নুরুল ইসলামের বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

সিংগাইর থানার ওসি তৌফিক আজম জানান, নিহত জাকির হোসেনের বিরুদ্ধে থানায় চারটি মাদকের মামলা রয়েছে। সম্প্রতি মাদক কারবারিকে কেন্দ্র করে জানু নামে এক ব্যক্তির সঙ্গে তার বিরোধের কথা জানা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক-সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।