চট্টগ্রামে পোশাক কারখানার গোডাউনে আগুন

চট্টগ্রাম জেলার কালুরঘাট এলাকার একটি পোশাক কারখানার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে কালুরঘাট বিসিক শিল্প নগরীর এশিয়ান গ্রুপের গোডাউনে এ ঘটনা ঘটে।

ঢাকার কড়াইল বস্তির আগুন নিভার আগেই কালুরঘাটে আগুন লাগার খবরে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।