প্রতিদিন বেদানা খেলেই ঘটবে ১০ পরিবর্তন

বেদানা লালচে দানাযুক্ত একটি পুষ্টিগুণে ভরপুর ফল। প্রাচীনকাল থেকেই আমরা জানি এই ফল শক্তিবর্ধক ও রোগ প্রতিরোধকারী। যদি টানা এক মাস প্রতিদিন বেদানা খাওয়া যায় তাহলে শরীরে কী কী ধরনের পরিবর্তন আসে সেটাই আজ জানব।

১. এনআইএইচ-এ প্রকাশিত এক পর্যালোচনায় দেখা গেছে, আট সপ্তাহ প্রতিদিন বেদানার রস খেলে রক্তচাপ ও ট্রাইগ্লিসারাইড কমে। একই সঙ্গে বাড়ে ভালো কোলেস্টেরল (এইচডিএল), কমে দেহের অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ।

২. ২০২২ সালের এক প্লেসবো-কন্ট্রোলড গবেষণা জানায়, দৈনিক বেদানা এক্সট্র্যাক্ট খেলে ত্বকের তেল নিঃসরণ কমে, মাইক্রোবায়োমের ভারসাম্য ভালো হয় এবং গভীর বলিরেখা চোখে পড়ার মতোই কমে।

৩. দীর্ঘস্থায়ী প্রদাহই অনেক রোগের মূল কারণ। হেলথলাইন জানাচ্ছে বেদানায় থাকা ‘পিউনিকালাজিন’ নামের যৌগ শরীরের অভ্যন্তরীণ প্রদাহ কমাতে অত্যন্ত কার্যকর।

৪. ২০২৩ সালের একটি সিস্টেমেটিক রিভিউ অনুসারে, প্রতিদিন বেদানা খেলে জ্ঞানীয় ক্ষমতা বাড়ে ও স্মৃতিশক্তির অবনতি কমে। আবার এনআইএইচ-এর এক গবেষণায় দেখা গেছে প্রতিদিন ২৩০ মি.লি. বেদানার রস এক বছর পান করলে ভিজ্যুয়াল লার্নিং ও স্মৃতি ধরে রাখার ক্ষমতা বজায় থাকে।

৫. বেদানা প্রিবায়োটিক হিসেবে কাজ করে। অর্থাৎ অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বাড়তে সাহায্য করে। এর ফাইবার হজম ভালো করে, পুষ্টি শোষণ বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়ক।

৬. বেদানা সরাসরি ওষুধের বিকল্প নয়, তবে নিয়মিত খেলে রক্তে শর্করার ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। বিশেষ করে সুষম খাদ্যাভ্যাসের সঙ্গে খেলে উপকার আরও বেশি।

৭. এক গবেষণায় দেখা গেছে, ২১ দিন বেদানা এক্সট্র্যাক্ট গ্রহণ করা অ্যাথলিটদের ব্যায়ামজনিত অক্সিডেটিভ ক্ষতি কমেছে। আরেক গবেষণায় সাইক্লিস্টদের সহনশীলতা ও স্ট্যামিনা দুটোই বেড়েছে। ফলে এক মাস পর ব্যথা কম, পুনরুদ্ধার দ্রুত এমন উপকার মিলতে পারে।

৮. একটি বড় বেদানায় রয়েছে দৈনিক ভিটামিন-C-এর প্রায় ৩২%। সঙ্গে আছে ফোলেট, পটাশিয়াম ও নানা অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো শরীরকে সংক্রমণ প্রতিরোধে শক্তিশালী করে। বেদানার অ্যান্টিমাইক্রোবিয়াল গুণও রোগজীবাণুর বিরুদ্ধে সুরক্ষা দেয়।

৯. গবেষণা বলছে, বেদানা কিডনিতে পাথর তৈরির ঝুঁকি কমাতে সাহায্য করে। এটি অক্সালেট, ক্যালসিয়াম ও ফসফেটের মাত্রা নিয়ন্ত্রণ করে, ফলে মূত্রনালিতে স্ফটিক জমার প্রবণতা কমে। নিয়মিত খেলে দেহের ডিটক্স প্রক্রিয়াও শক্তিশালী হয়।

১০. এনআইএইচ-এ উদ্ধৃত ৩০ দিনের এক স্টাডিতে দেখা গেছে, বেদানা এক্সট্র্যাক্ট ওজন, রক্তে গ্লুকোজ, ইনসুলিন, ট্রাইগ্লিসারাইড ও কোলেস্টেরল কমাতে সাহায্য করেছে। এটি অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট হওয়ায় বিপাকক্রিয়াও উন্নত করে।

সুতরাং, প্রতিদিনের খাদ্যতালিকায় একটি বেদানা যুক্ত করলেই মিলতে পারে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা।