বিভ্রান্তি দূর করলেন আতিফ আসলাম

পাকিস্তানি গায়ক আতিফ আসলামের ঢাকা সফর নিয়ে শুরু হয়েছে নানা ধরনের বিভ্রান্তিমূলক খবর। বেশ কয়েকটি অনলাইনে প্রচার হয়েছে, সত্যিই কী ঢাকা আসছেন আতিফ আসলাম? আর এসব গুজব এবং অপপ্রচারে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে মন্তব্য করেছেন আয়োজকরা। এমন পরিস্থিতিতে স্বয়ং আতিফ আসলাম নিজেই পাশে দাঁড়িয়েছেন আয়োজকদের। নিজের ভেরফায়েড ফেসবুক পেজে কনসার্টের পোস্টার শেয়ার করে জানান দিয়েছেন আবার ঢাকা মাতাতে আসছেন তিনি। শুধু এ কনসার্টটিতে অংশ নিতেই ফের ঢাকায় উড়ে আসছেন তিনি, আতিফের এমন ঘোষণায় ভক্তদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। 

আয়োজকদের কাছ থেকে জানা গেছে, এবার পরপর দুটি কনসার্টে পারফর্ম করবেন এই শিল্পী। আতিফকে বাংলাদেশে আনার উদ্যোগ নিয়েছে ‘মেইন স্টেজ’ নামের একটি প্রতিষ্ঠান এবং ‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্ম। একটি কনসার্ট হচ্ছে আগামী ১৩ ডিসেম্বর; এ ছাড়া ১২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে আরেকটি কনসার্ট হওয়ার কথা রয়েছে। ‘মেইন স্টেজ’ প্রতিষ্ঠানটি আয়োজন করছে ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শিরোনামের কনসার্ট। ফেসবুকে এক পোস্টে প্রতিষ্ঠানটি লিখেছে, ‘ঢাকা, তোমরা কি প্রস্তুত? এক্স ফোর্স নিয়ে আসছে আতিফ আসলাম লাইভ অ্যাট দ্য মেইন স্টেজ শো! অ্যালার্ম সেট করে রাখুন, দল জড়ো করতে থাকুন, যেন এটা কোনোভাবে বাদ না যায়। কারণ এটি হতে যাচ্ছে বছরের সেরা একটা শো।’ 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১৩ ডিসেম্বর ঢাকার ১০০ ফিট ও ৩০০ ফিট এলাকার মধ্যবর্তী ঢাকা এরিনায় হবে এই কনসার্ট। সেদিন বেলা ১টায় দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়, চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। বিজ্ঞপ্তিতে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকের মুখপাত্র মো. রিসালাত বলেন, ‘ইভেন্টটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক, নিরাপদ ও স্বচ্ছভাবে আয়োজন করতে তারা সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও কর্র্তৃপক্ষের সঙ্গে নিয়মমাফিক কাজ করে যাচ্ছি। প্রতিটি প্রয়োজনীয় ধাপ অনুসরণ করে অনুষ্ঠানটি এগিয়ে নেওয়া হচ্ছে এবং তরুণদের এই ইতিবাচক সামাজিক উদ্যোগে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সর্বোচ্চ সহযোগিতা পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী।’

কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে, যা পাওয়া যাচ্ছে ‘চলোঘুরি ডট কম’ নামের একটি ওয়েবসাইটে। টিকিট পাওয়া যাবে ‘জেনারেল ও ফ্রন্ট ভিআইপি’ এই দুই ক্যাটাগরিতে। অন্যদিকে, গণআন্দোলনে হতাহতদের পরিবারকে সহায়তায় জন্য গেল বছর ‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্ম আয়োজন করেছিল চ্যারিটি কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন’। 

এই প্ল্যাটফর্মটিই এবার আয়োজন করছে ‘ইকোজ অব রেভল্যুশন ২.০’। এক বিজ্ঞপ্তিতে আয়োজকদের একজন মো. জাফর আলী (জাফর সাদিক) বলেছেন, ‘জুলাই শহীদ, আহত ও তাদের পরিবারকে স্থায়ীভাবে পুনর্বাসনসহ জুলাইয়ের চেতনাকে আরও উজ্জীবিত করার লক্ষ্যে আমরা ইকোস অব রেভল্যুশন ২.০ নামে আরেকটি চ্যারিটি কনসার্ট আয়োজন করার উদ্যোগ নিয়েছি। যেটি থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ এবারও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হবে। যে অর্থ সংস্থাটির চলমান শহীদ ও আহত এবং তাদের পরিবারের সদস্যদের স্থায়ী পুনর্বাসন কর্মসূচিতে ব্যবহার করা হবে।’ 

জাফর জানিয়েছেন, আতিফ আসলামকে এই চ্যারিটি কনসার্টের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কনসার্টটি ১২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে হবে। শুধু আতিফ আসলামই নন, ইভেন্টটিতে পারফর্ম করবেন দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড ও শিল্পীরা। শিগগিরই ভেন্যু এবং সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করা হবে। কনসার্টে লোকসংগীত ও কাওয়ালি সংগীত প্রাধান্য দেওয়া হবে জানিয়ে এই আয়োজক বলেন, ‘এই কনসার্টে বিদেশি অতিথিসহ দেশীয় বিভিন্ন সংগীত ব্যান্ডকে তাদের গান পরিবেশনের জন্য আমন্ত্রণ জানানো হবে।’