লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবীরা কেউ বাদ পড়েনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আমদানিকারকদের চাপ সত্ত্বেও কৃষকদের স্বার্থে পেঁয়াজ আমদানি না করার সিদ্ধান্তে সরকার অটল রয়েছে বলেও তিনি জানান।
বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। সমাজ থেকে দুর্নীতি কমানো সম্ভব হয়নি। তবে সরকার কমাতে চেষ্টা করে যাচ্ছে। সড়কে চাঁদাবাজি বন্ধ করা যায়নি কিন্তু কমানোর চেষ্টা করা হচ্ছে।
এসপি নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ, বি ও সি- এই তিন ক্যাটাগরিতে ভাগ করে এসপি নিয়োগ দেয়া হয়েছে। ৬৪ জেলার এসপির মধ্যে আগের ১৮ জনকে রাখার পর বাকিদের লটারির মাধ্যমে বিভিন্ন জেলায় নিয়োগ দেয়া হয়েছে। পুলিশ সুপারদের মতো ওসিদেরও লটারির মাধ্যমে বিভিন্ন জেলায় পদায়ন করা হবে।
পেঁয়াজ আমদানির প্রসঙ্গে তিনি বলেন, পেঁয়াজ আমদানির অনুমতি দিতে আমদানিকারকদের চাপ রয়েছে। তবে কৃষকদের স্বার্থে পেঁয়াজ আমদানি না করার সিদ্ধান্তে সরকার অটল রয়েছে। আলুর দাম কমে যাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হলেও আকস্মিক কোনো বড় সমস্যা না হলে এবার আমনের বাম্পার ফলন হবে।
গ্যাস ও সারের দাম প্রসঙ্গে কৃষি উপদেষ্টা বলেন, দেশে সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত মজুত রয়েছে। গ্যাসের দাম বাড়লেও এর সঙ্গে সারের দামের কোনো সম্পর্ক নেই।
কৃষি খাতে নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, কৃষি খাতের বিভিন্ন পর্যায়ে নিয়োগ চলমান রয়েছে। তবে কোনোভাবেই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না।
