ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ এবং তার দায়-দায়িত্ব নিয়ে বাংলাদেশ ব্যাংকের পুরনো নীতিমালা রয়েছে। নীতিমালায় ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের যে যোগ্যতা মাপকাঠি ছিল, তাতে কিছুটা পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার জারি করা এক নির্দেশনায় বলেছে, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হতে হলে কোনো ব্যক্তিকে অন্যান্য যোগ্যতার পাশাপাশি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে একক বা উভয়ভাবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক জানায়, গত ফেব্রুয়ারিতে জারি করা সার্কুলারে ব্যাংক কোম্পানির এমডি বা সিইও নিয়োগ এবং তাদের দায়িত্ব সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়। সে সময় ব্যাংক খাতের দক্ষতার মাপকাঠি হিসেবে অন্তত ২০ বছর সক্রিয় চাকরির অভিজ্ঞতার শর্ত দেওয়া হয়। একই সঙ্গে ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার পূর্ববর্তী পদে কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতার নির্দেশনা দেওয়া হয়। যেটা এখন তিন বছর করা হলো।
নতুন নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক আগের এ শর্তটি সংশোধন করেছে। এখন এমডি বা সিইও নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংকিং পেশায় সক্রিয়ভাবে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতার পাশাপাশি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে এককভাবে বা উভয়ভাবে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বিকল্প হিসেবে বলা হয়েছে, যদি প্রার্থী ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থায় প্রথম শ্রেণি বা সমমানের এবং তদূর্ধ্ব পদে অন্তত ২৫ বছরের অভিজ্ঞতা রাখেন এবং জাতীয় বেতন স্কেলের দ্বিতীয় গ্রেডের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে থাকেন, তাহলে তিনিও এমডি/সিইও পদে নিয়োগের যোগ্য হবেন।
বাংলাদেশ ব্যাংক জানায়, আগের সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৫ অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়েছে।