দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা সংশোধন করেছে সরকার। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত সংশোধিত নীতিমালা জারি করা হয়েছে। সংশোধিতে দৈনিক ভিত্তিতে নিয়োগকৃত সাময়িক শ্রমিকের মাসিক কর্মদিবস, নিয়োগ প্রক্রিয়া ও মজুরি পরিশোধের সময় স্পষ্ট এবং এই লক্ষ্যে বিদ্যমান নীতিমালার কয়েকটি উপধারা প্রতিস্থাপন ও নতুন উপধারা সংযোজন করা হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, যেসব প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি এক দিন, সেসব প্রতিষ্ঠানে দৈনিক ভিত্তিতে নিয়োগকৃত সাময়িক শ্রমিক সর্বোচ্চ ২৬ দিনের জন্য নিয়োজিত রাখা যাবে। আগে এটি ছিল ২২ দিন (দফা ৪; উপধারা-গ)।
একই সঙ্গে দফা ৪-এ নতুন দুটি উপধারা সংযোজন করা হয়েছে। নতুন উপধারা অনুযায়ী, যেসব প্রতিষ্ঠানে মৌসুমি শ্রমিকের প্রয়োজন হয়, সেসব প্রতিষ্ঠানে মৌসুম শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের জন্য শ্রমিক রাখা যাবে না; দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োগে মন্ত্রণালয়/বিভাগের ক্ষেত্রে অতিরিক্ত সচিব/যুগ্মসচিবের নেতৃত্বে এবং অধীনস্থ দপ্তরগুলোর ক্ষেত্রে দপ্তরপ্রধানের নেতৃত্বে গঠিত (ক্ষেত্রবিশেষ মন্ত্রণালয়/বিভাগের প্রতিনিধিসহ) তিন সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদনের মাধ্যমে অনিয়মিত শ্রমিক নিয়োগ দিতে হবে।