বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, তারেক রহমান জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। জিয়াউর রহমান মাত্র কয়েক বছরে রাষ্ট্রকে ৫০ বছর এগিয়ে নিয়ে গেছেন। তারেক রহমানও যদি আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসেন, তাহলে তিনিও দেশকে আরও ২৫ বছর এগিয়ে নিয়ে যাবেন।
গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় বাংলাদেশ নবজাতক হাসপাতালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন ‘ওয়ার্ল্ড প্রি-ম্যাচুরিটি ডে’ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ‘ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন’-এর উদ্যোগে কুড়িয়ে পাওয়া তিন নবজাতককে তিনটি পরিবারের কাছে দত্তক দেওয়া হয়। এ নিয়ে ৫১ নবজাতককে নতুন পরিবার খুঁজে দিল ফাউন্ডেশনটি।
বরকতউল্লা বুলু বলেন, বাংলাদেশের মানুষ এবার খুশিতে ভোট দেবেন। দেশের গুরুত্বপূর্ণ দুটি খাত হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য। যদি এই দুটি খাতে অর্থ ব্যয় করা যায়, তাহলে প্রতিবছর ১৫-২০ লাখ কোটি টাকা বিদেশে পাচার বন্ধ হয়ে যাবে।’
ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মো. মজিবুর রহমান বলেন, ‘আমরা নবজাতক নিয়ে কাজ করি। ভবিষ্যতে ৬৪ জেলায় নবজাতকদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানা আসমা, সাংবাদিক এ কে এম সাখাওয়াত হোসেন, সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন প্রমুখ।