ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ছোট ধলিয়া গ্রামে দুর্র্ধর্ষ ডাকাতি হয়েছে। গত মঙ্গলবার রাতে গ্রামের মো. মাইনুদ্দিনের (৪৮) বসতঘরে ডাকাত দল হানা দিয়ে অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় গৃহকর্ত্রী ডাকাত বলে চিৎকার করলে তাকে পিটিয়ে মারাত্মক আহত করে ডাকাতরা।
ক্ষতিগ্রস্ত পরিবার ও পুলিশ সূত্র জানায়, ডাকাতদল জানালার রড কেটে মাইনুদ্দিনের ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা ২০ ভরি স্বর্ণ, ২ লাখ টাকা, একটি আই ফোনসহ নানা জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ঘরে থাকা ডাকাতদের দেখে গৃহকর্ত্রী আকলিমা আক্তার (৩৮) ডাকাত বলে চিৎকার করলে ডাকাতদল তাকে রড ও রেঞ্জ দিয়ে গুরুতর আঘাত করে। পরে ডাকাতদল চলে গেলে আশপাশের লোকজন এগিয়ে এসে আকলিমাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।