দারুণ পারফর্মেন্স দেখিয়ে বিশ্বজুড়ে আলোচনায় চলে আসা লামিনে ইয়ামাল এখন মুদ্রার অপর পিঠ দেখছেন। চোটাঘাতের পাশাপাশি ব্যক্তিগত জীবনযাপন নিয়েও আছেন সমালোচনার মুখে। এমন সময় বার্সেলোনার এই তরুণ সেনসেশনকে পরামর্শ দিলেন স্প্যানিশ টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল।
১৮ বছর বয়সী ইয়ামাল অনেক দ্রুত তারকাখ্যাতি পেয়েছেন। ক্রমেই তার খ্যাতি বেড়ে চলেছে, যাতে গা ভাসালেই বিপদ। তাই নাদাল বলেন, ‘লামিনের এমন মানুষদের সঙ্গে থাকা উচিত- যারা সত্যিই তার মঙ্গল চায়, যারা সতর্ক এবং বুদ্ধিমান এবং যারা সাফল্যজনিত ভুল থেকে তাকে রক্ষা করতে পারে। তার উচিত এমন মানুষদের কাছেই থাকা যারা তাকে সুখী দেখতে চায় এবং দিকনির্দেশনা দেয়। লামিনের যে বয়স, তাতে এটি খুবই গুরুত্বপূর্ণ।’
স্পেনের জার্সিতে ইউরোজয়ী এই তরুণকে পরামর্শ দিয়ে নাদাল আরও বলেন, ‘প্রতিটি মানুষের জীবন ভিন্ন। প্রতিটি মানুষের মানসিকতা এবং চরিত্র আলাদা। সাফল্যের অনেক পথ আছে, কিন্তু তুমি সাফল্যকে কীভাবে সামলে চলবে এবং জীবনে সেটি কীভাবে ব্যবহার করবে, সেটার ওপর তোমার সুখী কিংবা অসুখী থাকা নির্ভর করে। কারণ, সাফল্য আর খ্যাতি একসময় আপনাকে গ্রাস করে ফেলতে পারে। আপনাকে অসুখী করে তুলতে পারে।’
নাদাল নিজেই ১৪ বছর বয়সে পেশাদার টেনিস খেলেছিলেন এবং ১৯ বছর বয়সে ফরাসি ওপেন জিতে বিশ্ব র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে পৌঁছেছিলেন। তাই তার পরামর্শের গুরুত্ব ইয়ামালের জন্য অতিমূল্যবান। নাদাল মনে করিয়ে দিয়েছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পরামর্শক ও সঠিক মানুষদের সঙ্গে থাকা ছাড়া খ্যাতি কখনও সুখ বয়ে আনতে পারে না। উল্লেখ্য, চলতি মৌসুমে ইয়ামাল ১২ ম্যাচে ৬ গোল এবং ৮ অ্যাসিস্ট করেছেন।