এখনই চাকরি যাচ্ছে না গৌতম গম্ভীরের

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০১:১১ পিএম

ঘরের মাঠে দুটি টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের মুণ্ডুপাত চলছে। ভারতকে চ্যাম্পিয়নস ট্রফি জেতানো এবং ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ ড্র করানো এই কোচকে ছাঁটাইয়ের দাবি উঠেছে। তবে গম্ভীরকে নিয়ে এখনই কোনো কঠোর সিদ্ধান্ত নিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে আপাতত কোচ ও বর্তমান দল ব্যবস্থাপনার ওপরই আস্থা রাখা হচ্ছে।

হিন্দুস্থান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক শীর্ষ  কর্মকর্তা বলেন, ‘দল এই মুহূর্তে রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। তাই তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। গৌতম গম্ভীরের চুক্তি ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত আছে। আপাতত নির্বাচক ও টিম ম্যানেজম্যান্টের সঙ্গে সমস্যাগুলো নিয়ে আলোচনা হবে। তবে এখনই কোনো সিদ্ধান্ত আসছে না।’ এর আগে গৌতম গম্ভীর নিজেও বলেছিলেন, ‘ভারতীয় ক্রিকেট আমার চেয়েও বড়। বোর্ড যা সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত।’

সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে লাল বলে ভারতের পারফরম্যান্স হতাশাজনক। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ২–০ ব্যবধানে ধোলাই হয়েছে। এই নিয়ে গম্ভীরের কোচিংয়ে এক বছরে তিনটি টেস্ট সিরিজে হারল ভারত। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষেও তারা পরাস্ত হয়েছিল। গম্ভীরের সময়ে ভারতের ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতেছে কেবল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ সিরিজে ভারতের ব্যাটিং ব্যর্থতাই মূলত পরাজয়ের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে একটি ম্যাচে ১ উইকেটে ৯৫ রান থেকে ১২০ রানে ৭ উইকেট হারানোর ঘটনা বড় আলোচনা তৈরি করেছে। স্পিননির্ভর উইকেট শুবমান গিলদের প্রস্তুতির কৌশলও উল্টো ফল দিয়েছে বলে মনে করছেন সমালোচকরা। তবে গৌহাটি টেস্ট শেষে সংবাদ সম্মেলনে গম্ভীর পুরো দায় নিজের কাঁধে নেন, ‘ড্রেসিংরুমে যারা আছে, সবাই দায়িত্বশীল। আর সেই দায়িত্বের শুরুটা আমার থেকেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত