টানা সাত ম্যাচ জয় দিয়ে মৌসুম শুরু করেছিল লিভারপুল। মনে হচ্ছিল, লিগ শিরোপা রক্ষার পাশাপাশি ইউরোপিয়ান প্রতিযোগিতাতেও শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়বে তারা। কিন্তু সময়ের ব্যবধানে সেই স্বপ্ন এখন কার্যত দুঃস্বপ্নে রূপ নিয়েছে। ঘরের মাঠে পিএসভির কাছে ৪–১ গোলে পরাজয়ের পর লিভারপুল এখন তাদের ৭১ বছরের মধ্যে সবচেয়ে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।
১৯৫৩–৫৪ মৌসুমের পর এই প্রথমবার সর্বশেষ ১২ ম্যাচে ৯টিতেই হেরেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে তিন গোলের ব্যবধানে হারও সেই সময়ের পর প্রথম ঘটনা। মাত্র পাঁচ দিনে নিজেদের দুর্গ অ্যানফিল্ডেই হজম সাতটি গোল। ম্যাচ শেষে লিভারপুলের মিডফিল্ডার কার্টিস জোন্স হতাশ কণ্ঠে বলেন, ‘এখন আর রাগ হয় না, সেই অবস্থা পেরিয়ে এসেছি। এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে আসলে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
নতুন কোচ আর্নে স্লটের অধীনে প্রথম মৌসুমেই রেকর্ড ২০তম লিগ শিরোপা জেতায় লিভারপুল সমর্থকেরা ছিলেন স্বপ্নের জগতে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন—স্লটই কি এই মুহূর্তে সঠিক মানুষ? সাবেক লিভারপুল ফুটবলার স্টিফেন ওয়ার্নক বলেন, ‘এই মুহূর্তে কিছুই ঠিকমতো কাজ করছে না। একটি হারের পর আরেকটি হার সবকিছু আরও জটিল করে তুলছে। দলটায় স্পষ্ট লড়াইয়ের অভাব দেখা যাচ্ছে, যা লিভারপুলের মতো ক্লাবের জন্য ভয়ংকর বিষয়।’
নভেম্বরের শুরুতে অ্যাস্টন ভিলা ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় কিছুটা স্বস্তি এনে দিলেও তা ছিল ক্ষণস্থায়ী। আন্তর্জাতিক বিরতির আগে ম্যানচেস্টার সিটির কাছে ৩–০ গোলে হার মেনে নেওয়া যায়। কিন্তু একই ব্যবধানে ঘরের মাঠে নটিংহাম ফরেস্টের কাছে হার এবং এরপর পিএসভির কাছে এই লজ্জাজনক পরাজয় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বর্তমানে লিভারপুল লিগ তালিকায় ১২ নম্বরে নেমে গেছে।
গ্রীষ্মকালীন দলবদলেও প্রত্যাশা পূরণ হয়নি। রেকর্ড ট্রান্সফারে আসা আলেক্সান্ডার ইসাক এখনও কেবল একবার জালের দেখা পেয়েছেন। ফ্লোরিয়ান ভির্টজ চোটে আক্রান্ত। বাম প্রান্তের রক্ষণভাগেও নেই স্থিরতা। পিএসভির বিপক্ষে পিছিয়ে পড়ার পর স্লট মাত্র দুটি পরিবর্তন করেন, যা নিয়েও সমালোচনা হচ্ছে। ম্যাচ শেষে স্লট বলেন, ‘এটা আমাদের জন্য বড় ধাক্কা। খেলোয়াড়দের জন্য, আমার জন্যও। আমাকেও আরও ভালো করতে হবে। সবাইকে নিজের জায়গা থেকে উন্নতি করতে হবে, আমাকে সহ।’
চ্যাম্পিয়নস লিগে লিভারপুল এখনো পুরোপুরি ছিটকে না পড়লেও অবস্থান ঝুঁকিপূর্ণ। সামনে ইন্টার মিলান ও মার্সেইয়ের মতো কঠিন ম্যাচ অপেক্ষা করছে। সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ড বলেন, ‘পরিস্থিতি ভয়াবহ। এটাকে এখনই পুরোপুরি সংকট বলা না গেলেও, দল যে মারাত্মক সংগ্রামের মধ্যে আছে, তা অস্বীকার করার উপায় নেই। আত্মবিশ্বাস তলানিতে। কোচ যদি দ্রুত সমাধান খুঁজে না পান, তাহলে এই অবস্থা চলতেই থাকবে।’