বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মান নিয়ে নতুন করে কিছু বলার নেই। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই আসরকে বিশ্বের কোথাও খেলার সুযোগ না পাওয়া ক্রিকেটারদের পুনর্বাসনকেন্দ্র বলে থাকেন কেউ কেউ। বাস্তবেও সেরকমই দেখা যায়। নামীদামী ক্রিকেটাররা যখন অন্যান্য লিগ মাতান, তখন বিপিএলে দেখা যায় বুড়োদের।
আসন্ন বিপিএল নিলামেও এর ব্যতিক্রম হয়নি। বিদেশি ক্রিকেটারদের তালিকায় আছেন পাকিস্তানের সাবেক অল-রাউন্ডার শোয়েব মালিক এবং ভারতের সাবেক স্পিন অল-রাউন্ডার পীযুষ চাওলা। এই ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৫ হাজার ডলার, যাতে শ্রীলঙ্কার ক্রিকেটারই বেশি। এরপর আছে পাকিস্তান ও ইংল্যান্ডের ক্রিকেটার। বিশেষ করে ইংলিশ ক্রিকেটার- জর্জ মুন্সী, স্যাম কুক তো রীতিমতো অচেনা। আছেন নেদারল্যান্ডসের বাস ডে লেডে এবং আয়ারল্যান্ডের হেনরি ডকরেল।
তবে সবচেয়ে বেশি আলোচনা চলছে শোয়েব আর পীযুষকে নিয়ে। ৪৩ বছর ২৯৯দিন বয়সী শোয়েব এখন নিয়মিতই ক্রিকেট বিশ্লেষণ করেন। এক বছর আগের বিপিএলে তার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। পরকীয়ার কারণে সানিয়া মির্জার সঙ্গে ছাড়াছাড়ি ঘটে সেই বিপিএলেই। ইদানিং তাকে ব্যঙের ছাতার মতো গজিয়ে ওঠা কিছু ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে খেলতে দেখা যায়। সেসবেও তার পারফর্মেন্স যাচ্ছেতাই।
আর পীযুষ চাওলা তো ভারতীয় ক্রিকেট থেকেই হারিয়ে গেছেন সেই কবে। ৩৭ ছুঁইছুঁই বয়সের এই লেগ স্পিন অল-রাউন্ডার সর্বশেষ জাতীয় দলে খেলেছেন ২০১২ সালে। অবশ্য গত তিন আইপিএলে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন। গত আসরে ১১ ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট। এই যখন পারফর্মারদের অবস্থা, তখন বিপিএলের নিলামের তালিকা দেখে চোখ কপালে উঠছে সবার। ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন- এই ক্রিকেটাররা কীভাবে ‘এ’ ক্যাটাগরিভুক্ত হন?
খ্যাতি যেন বিড়ম্বনা হয়ে না ওঠে- ইয়ামালকে নাদালের উপদেশ
এখনই চাকরি যাচ্ছে না গৌতম গম্ভীরের
সরাসরি নোয়াখালী এক্সপ্রেসে সৌম্য; শান্ত ‘বি’ ক্যাটাগরিতে