পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনকে ‘বহিরাগত’ উল্লেখ করে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছেন সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম ও চাটমোহর উপজেলার সাবেক চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা। অন্যথায় স্বতন্ত্র প্রার্থী দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় প্রার্থীর দাবিতে আয়োজিত মশাল মিছিল ও পথসভায় দলের হাইকমান্ডের উদ্দেশে চাচা–ভাতিজার যেকোনো একজনকে মনোনয়ন দেওয়ার কথা বলেন তারা।
এর আগে চাটমোহর বাসস্ট্যান্ড থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বালুচর মাঠে গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় বিএনপি নেতা হীরা বলেন, “এই জনপদের সন্তানকেই ধানের শীষের প্রার্থী করতে হবে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বহিরাগত কাউকে মেনে নেবে না। কেন্দ্রীয় নেতাদের অনুরোধ—জনপ্রিয়তা বিবেচনায় স্থানীয় প্রার্থী দিন, না হলে এই আসন হারাতে হবে।”
বিএনপির মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিনকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি আপনার কর্মীদের ভদ্রতা বজায় রাখতে বলুন। হুমকির ভয় কেউ করে না। আমাদের ধৈর্যচ্যুতি হলে এক ঘণ্টাও এই আসনে টিকতে পারবেন না।”
পাবনা-৩ আসনের সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম বলেন, “এই এলাকায় বিএনপির অনেক জনপ্রিয় ও ত্যাগী নেতা আছেন। পাবনা-২ এর সুজানগরের তুহিনকে পাবনা-৩ এ মনোনয়ন দেওয়াকে মানুষ মেনে নেয়নি। শহীদ জিয়া বলেছেন—ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়। দেশের মানুষের প্রয়োজনে আমরা স্বতন্ত্র প্রার্থী দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারি। আমাদের সব প্রস্তুতিও রয়েছে।”
তিনি আরও বলেন, “প্রার্থী পরিবর্তন না করা হলে নির্বাচনে ভরাডুবির দায় আমি কেন্দ্রীয় নেতৃত্বের ওপরই বর্তাবে।”