সুইজারল্যান্ডে সম্পদের পুনর্বণ্টন নিয়ে ভোট

৫০ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক (প্রায় ৬২ মিলিয়ন মার্কিন ডলার) বা তার বেশি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের উপর কর আরোপের উদ্দেশ্যে আগামী রবিবার ভোট দিতে যাচ্ছে সুইজারল্যান্ড।  রবিবার (৩০ নভেম্বর) দেশটিতে এ ভোট অনুষ্ঠিত হবে। করের অর্থ জলবায়ু সম্পর্কিত প্রকল্পে ব্যয় করার পরিকল্পনা রয়েছে।  সুইজারল্যান্ডের বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাট দলের যুব শাখা জুসো প্রস্তাবিত এ উদ্যোগে মোট সম্পদের ৫০% কর আরোপের কথা বলা হয়েছে এবং এর ফলে আনুমানিক ৪ বিলিয়ন ফ্রাঙ্ক রাজস্ব আদায় হবে বলে আশা করা হচ্ছে। 

সুইজারল্যান্ডে প্রায় ২,৫০০ করদাতার সম্পদ এই সীমার ওপর, যার মোট মূল্য প্রায় ৫০০ বিলিয়ন ফ্রাঙ্ক। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ এই প্রস্তাবের বিরুদ্ধে, ফলে পাশ হওয়ার সম্ভাবনা কম।

সমর্থকেরা, যার মধ্যে জুসোর নেতা মিরজাম হোস্টেটম্যান রয়েছেন, দাবি করেন যে অতিরিক্ত ধনীদের বিলাসবহুল জীবনধারা জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। বিরোধীরা সতর্ক করেছেন, এই কর প্রয়োগ করলে ধনী নাগরিকরা দেশ ত্যাগ করতে পারেন, যা মোট রাজস্ব হ্রাস করতে পারে। সুইজারল্যান্ড সরকারও ভোটদাতাদের এ প্রস্তাবনা প্রত্যাখ্যান করার পরামর্শ দিয়েছে।   

ভোটটি ধনী দেশগুলোর মধ্যে জনমতের ওপর ভিত্তি করে সম্পদের পুনর্বণ্টনের প্রতি জনমতের মানসিকতার পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বাড়তে থাকা জীবনযাত্রার খরচ ও সামাজিক বৈষম্যের প্রেক্ষাপটে এ ভোট নির্দেশনা হিসেবে কাজ করতে পারে।