নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে পুরুষদের বিক্ষোভ

গত জুনে জুরিখ বিশ্ববিদ্যালয় ও সুইজারল্যান্ডের পুরুষ ও পিতাদের বিভিন্ন সংগঠনের সমন্বয়কারী প্রতিষ্ঠান মেনকেয়ারের এক গবেষণায় তরুণদের মধ্যে পুরুষতান্ত্রিক মনোভাবের উদ্বেগজনক চিত্র উঠে আসে।

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ এএম

নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সুইজারল্যান্ডের শত শত পুরুষ। দেশটির রাজধানী বার্নে পার্লামেন্ট ভবনের সামনে শনিবার আয়োজিত এক বিক্ষোভে অংশ নিয়ে তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। খবর আল জাজিরার।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কিশোর ও তরুণদের মধ্যে অনলাইনে নারীবিদ্বেষী মনোভাব ছড়িয়ে পড়ার উদ্বেগের মধ্যে এ বিক্ষোভের আয়োজন করা হয়। আয়োজকদের মতে, নারীর প্রতি বিদ্বেষ ও সহিংসতার বিরুদ্ধে পুরুষদেরই আরও জোরালো অবস্থান নিতে হবে।

‘নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে পুরুষ’ শীর্ষক এই কর্মসূচির অন্যতম আয়োজক ক্রিস্টোফ গোস্তেলি। ৪২ বছর বয়সী এই সমাজকর্মী ‘মেনার’ নামের একটি সংগঠনের সঙ্গে বিক্ষোভটির আয়োজন করেন।

তিনি বলেন, ‘নারী ও সমকামী মানুষের প্রতি সহিংসতার সমস্যার অংশ আমরাও পুরুষেরা। তাই আমাদের অবস্থান পরিষ্কার করা জরুরি। আমরা আর সমস্যার অংশ হয়ে থাকতে চাই না; বরং সমাধানের অংশ হতে চাই।’

অনলাইনে ডানপন্থী ‘ম্যানোস্ফিয়ার’ নামে পরিচিত বিভিন্ন ফোরাম ও প্রভাবশালী ব্যক্তিরা নারীবিদ্বেষী মনোভাব ছড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এসব গোষ্ঠী পুরুষের শ্রেষ্ঠত্ব এবং নারীবাদবিরোধী মনোভাব প্রচার করে। ২০২০-এর দশকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর অনলাইনে এ ধরনের প্রভাবশালীরা আরও উৎসাহিত হয়েছেন। তারা নারীদের নিয়ে বিদ্রূপ, অবমাননাকর মন্তব্য ও হুমকি ছড়িয়ে দিচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত জুনে জুরিখ বিশ্ববিদ্যালয় ও সুইজারল্যান্ডের পুরুষ ও পিতাদের বিভিন্ন সংগঠনের সমন্বয়কারী প্রতিষ্ঠান মেনকেয়ারের এক গবেষণায় তরুণদের মধ্যে পুরুষতান্ত্রিক মনোভাবের উদ্বেগজনক চিত্র উঠে আসে।

গবেষণায় দেখা যায়, ১৮ থেকে ২৪ বছর বয়সী পুরুষ উত্তরদাতাদের অর্ধেকই পুরুষত্ব সম্পর্কে ‘সংকীর্ণ ও আধিপত্যবাদী’ ধারণা পোষণ করেন। তাদের অনেকে মনে করেন, সমাজে প্রকৃত পুরুষেরা ক্রমেই প্রান্তিক হয়ে পড়ছেন।

গবেষণায় সহিংসতাকে উৎসাহিত করে এমন পুরুষত্বের ধারণা নিয়ে স্কুল থেকে শুরু করে সমাজের সর্বস্তরে ধারাবাহিক আলোচনা ও সচেতনতা তৈরির সুপারিশ করা হয়েছে।

এদিকে অনলাইনে নারীদের বিরুদ্ধে সহিংস ও বিদ্বেষমূলক আচরণের ঝুঁকি নিয়ে চলতি মাসের শুরুতে আয়োজিত একটি সম্মেলনে অংশ নেন সুইজারল্যান্ডের বিচারমন্ত্রী বিট ইয়ান্স।

গত ২ নভেম্বর দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, দেশটিতে সংঘটিত সহিংস অপরাধের পাঁচটির মধ্যে চারটির জন্য দায়ী পুরুষ। ধর্ষণের ঘটনায় এই হার ৯৯ শতাংশ পর্যন্ত।

তিনি বলেন, ‘সব পুরুষ এমন নন। কিন্তু আমাদের এটাও স্বীকার করতে হবে, প্রায় প্রতিটি ক্ষেত্রেই অপরাধী পুরুষ। পুরুষের সহিংসতা প্রথম আঘাতের মধ্য দিয়ে শুরু হয় না; এর শুরু হয় অবমাননাকর মন্তব্য দিয়ে। এ বিষয়ে আমাদের প্রত্যেক পুরুষের দায়িত্ব রয়েছে।’ 

সর্বশেষ সর্বাধিক পঠিত