চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরের মাঝে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন। কিন্তু কেন হঠাৎ সিরিজের মাঝে অবসর নেন রবিচন্দ্রন অশ্বিন? নেপথ্যে কি কারও চাপ ছিল? কেউ কি বাধ্য করেছিলেন তাকে? না। এবার অশ্বিন জানালেন, ১৩ বছর আগের এক প্রতিজ্ঞার জন্যই তাকে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়তে হয়েছে।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘২০১২ সালে দেশের মাটিতে ইংল্যান্ডের কাছে হারের পর প্রতিজ্ঞা করেছিলাম, এরপর আবার যেদিন আবার দেশের মাটিতে টেস্ট সিরিজ হারব, তারপরই অবসর নেব। গত বছর নিউজিল্যান্ডের কাছে হারের পরেই সিদ্ধান্ত নেই, এবার সময় হয়েছে। তাই ঘরে বসে আছি। ওই হার মন ভেঙে দিয়েছিল।’
অশ্বিন জানান, তার সিদ্ধান্ত শুনে সকলেই অবাক হয়েছিলেন। অনেকে তো তাকে আবার ভাবতেও বলেছিলেন। ভারতের সাবেক স্পিনারের কথায়, ‘আমাকে কেউ চলে যেতে বলেনি। উল্টে অনেকেই বলেছিল, ভেবে দেখতে। ওরা চেয়েছিল আমি আরও খেলি। রোহিত আমাকে ভাবতে বলেছিল। গৌতি ভাই বলেছিল। তবে আগরকরের সঙ্গে এই বিষয়ে আমি খুব একটা কথা বলিনি।’
অস্ট্রেলিয়া সফরের মাঝে অবসর নিয়ে দেশে ফিরে আসেন অশ্বিন। তারপর আইপিএল থেকেও অবসর নেন তিনি। অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ বিগ ব্যাশে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। দলও পান অশ্বিন। কিন্তু চোটের কারণে খেলতে যেতে পারেননি তিনি। অশ্বিনের আশা, দক্ষিণ আফ্রিকার কাছে হারের পরে এখনকার ক্রিকেটারেরাও নিজেদের পরিবর্তন করার চেষ্টা করবেন।