চট্টগ্রামে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা থেকে ৩০০ গজ দূরত্বের মধ্যে লালদীঘি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তবে নিহত যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবককে টহল পুলিশের সদস্যরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, যুবকের হাতে ও বুকে ছুরিকাঘাতের জখম রয়েছে। তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে।

এ প্রসঙ্গে জানতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিমের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

নিহত যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া কোতোয়ালি থানার কনস্টেবল মাহমুদ হোসেন বলেন, ‘টহল দেওয়ার সময় তাকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’