সুদানে হাসপাতাল দখল করে আরএসএফ এর ঘাঁটি

সুদানের পশ্চিম করদোফান অঞ্চলের আল-নুহুদ হাসপাতালের বড় অংশ দখল করে সেটিকে সামরিক কমান্ড সেন্টার ও ব্যারাকে রূপান্তর করেছে সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। এতে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম প্রায় ভেঙে পড়েছে বলে শুক্রবার (২৮ নভেম্বর) জানিয়েছে সুদান ডক্টর্স নেটওয়ার্ক। সংস্থাটি বলছে, চিকিৎসা প্রতিষ্ঠান ব্যবহার করে সামরিক কর্মকাণ্ড চালানো স্পষ্টভাবে আন্তর্জাতিক মানবিক নীতির লঙ্ঘন। অনেক স্বাস্থ্যকর্মীকে সেনাবাহিনীকে সহযোগিতা করার অভিযোগে ভয় দেখানোর ফলে তারা শহর ছেড়ে পালিয়ে গেছেন । যার কারণে হাসপাতালটি এখন চরম জনবল সংকটে আছে।  

২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফ ও সুদানি সশস্ত্র বাহিনী (এসএএফ) রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত। এই সংঘাতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে, লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে—যা জাতিসংঘের মতে বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র সুদানে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছে। আরএসএফ উদ্যোগটিকে সমর্থন করলেও  লড়াই থামায়নি । এদিকে সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেশের শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তার দাবি, এখন শান্তি আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বুরহান ও তার সাবেক উপ-প্রধান আরএসএফ নেতা মোহাম্মদ হামদান দাগালোকে নিয়ে যতবার শান্তি আলোচনার চেষ্টা হয়েছে, সবই ব্যর্থ হয়েছে—আর যুদ্ধ দিন দিন বাড়িয়ে তুলছে ক্ষুধা, বাস্তুচ্যুতি এবং মানবিক বিপর্যয়।