কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৩ সেনা

হামলার নিন্দা জানিয়ে সেনাবাহিনী বলেছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন।

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম

কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় বলিভার বিভাগের সান্তা রোসা পৌরসভায় সামরিক স্থাপনায় বিস্ফোরকবাহী ড্রোন হামলায় দেশটির সেনাবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও আট সেনাসদস্য।

রবিবার (৮ নভেম্বর) কলম্বীয় সেনাবাহিনীর ফার্স্ট ডিভিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সান্তা রোসা পৌরসভার মিলিটারি ক্যান্টন এলাকায় সেনাবাহিনীর স্থাপনাগুলো লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বিস্ফোরক বহনের উপযোগী করে পরিবর্তিত ড্রোন ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে।

হামলার পরপরই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। পাশাপাশি সামরিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি এবং হতাহতের প্রকৃত সংখ্যা নিরূপণে কাজ শুরু করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

হামলার নিন্দা জানিয়ে সেনাবাহিনী বলেছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন।

ভবিষ্যতে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এ ধরনের সহিংসতা প্রতিরোধে আগাম তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে ফার্স্ট ডিভিশন। এ ছাড়া সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য দিতে দেশটির সন্ত্রাসবিরোধী হটলাইনে যোগাযোগের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ সর্বাধিক পঠিত