কুয়েটে ২ শিক্ষার্থীর মারামারি

খুমেক হাসপাতালে ভর্তি এক শিক্ষার্থী, অপরজন বহিষ্কার 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে স্ট্রিট পেইন্টিং ও স্টলের জায়গা নির্বাচনকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর মারামারির ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। এঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠনসহ অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (২৮ নভেম্বর) এবিষয়ে নিশ্চিত করেছেন কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঁইয়া।

স্থানীয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে কুয়েটের মেইনগেট সংলগ্ন এলাকায় ভর্তি পরীক্ষার স্ট্রিট পেইন্টিং ও স্টলের স্থান নির্ধারণকে কেন্দ্র করে ২৪তম ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী কাজী সাদিক মাহমুদ ও একই ব্যাচের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. জহিরুল ইসলামের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাদিক মাহমুদ তার হাতে থাকা কাটার দিয়ে জহিরুল ইসলামের বাম পেটের পাশে আঘাত করেন। পরে আহত জহিরুল ইসলামকে  সহপাঠীরা দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

সাময়িক বহিষ্কারের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী কাজী সাদিক মাহমুদ কাটারের আঘাতে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম আহত হয়েছেন। ঘটনাটির প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ায় সাদিক মাহমুদকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার ও ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

একই ঘটনায় অন্য এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে স্ট্রিট পেইন্টিং ও স্টল সংক্রান্ত সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতের কথা উল্লেখ করা হয়।