মাজার জিয়ারত করে ভোটের প্রচারে নামলেন বিএনপি নেতা মিনু

হযরত শাহ মখদুমের (রহ.) মাজার জিয়ারত করে প্রচারণা শুরু করেছেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু। গতকাল শুক্রবার নগরীর দরগা জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাজার জিয়ারত করেন মিজানুর রহমান মিনু। এর আগে বাদ জুমা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জিয়ারত শেষে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু নগরীর ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন। উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষে ভোট চেয়ে বিভিন্ন সেøাগান দিতে থাকেন।

এ সময় মিনু বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। এই দলে কোনো ভেদাভেদ নেই। সবাই এক কাতারে রয়েছে। ধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক। এই প্রতীক শুধু বিএনপির নয়, সারা দেশের সব জনগণের। এজন্য কারও কথায় বিভ্রান্ত না হয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক, রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু প্রমুখ উপস্থিত ছিলেন।