ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ৭০ হাজার ৬৬০ বাংলাদেশি প্রবাসী এখন পর্যন্ত নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিংয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই সংখ্যক প্রবাসীর নিবন্ধনের তথ্য দেওয়া হয়েছে। নিবন্ধনকারীদের মধ্যে ৫৯ হাজার ৫১০ জন পুরুষ এবং ১১ হাজার ১৫০ জন নারী।
সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন যুক্তরাষ্ট্রে থাকা ১৪ হাজার ২৩৬ জন বাংলাদেশি। এরপর দক্ষিণ কোরিয়ার ৯ হাজার ৭৫ জন, কানাডার ৭ হাজার ৮৭, জাপানের ৬ হাজার ৪৫২, অস্ট্রেলিয়ার ৬ হাজার ২৭ এবং দক্ষিণ আফ্রিকার ৪ হাজার ৪৮০ জন প্রবাসী নিবন্ধন করেছেন। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন।
এদিকে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ভুল ঠিকানা ও অসম্পূর্ণ তথ্যের কারণে সৌদি আরবসহ সাতটি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। তবে, ইসির কর্মকর্তারা আশা করে বলেন, পুনরায় চালু হবে। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক গতকাল সরকারি বার্তা সংস্থা বাসসকে বলেন, সাত দেশে আজকের (গতকাল) মধ্যে নিবন্ধন কার্যক্রম পুনরায় চালুর প্রচেষ্টা চলছে।