মুন্সীগঞ্জে অভিযানে লুট হওয়া একটি শটগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় অস্ত্রসহ কে এম সোহেল রানা (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত পর্যন্ত সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে এই অভিযান পরিচালনা করে।
উদ্ধার হওয়া শটগানটি গত জুলাই গণঅভ্যুত্থান সময়ে সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে শনাক্ত করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনী জানায়, অভিযান চলাকালে প্রথমে চরডুমুরিয়ার আনন্দপুর এলাকা থেকে শটগানসহ সোহেল রানাকে গ্রেপ্তার করে। পরে মোল্লাকান্দির আশুরান এলাকায় রতন দেওয়ানের বাড়িতে তল্লাশি চালিয়ে এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে রতন দেওয়ান পলাতক রয়েছেন।
মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প কমান্ডারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ নভেম্বর মোল্লাকান্দি এলাকায় রাজনৈতিক সহিংসতায় গুলিতে একজন নিহত ও কয়েকজন আহত হন। এরপর থেকেই এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। তারই ধারাবাহিকতায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ এবং গ্রেপ্তার সোহেল রানাকে আইনি প্রক্রিয়ার জন্য মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনসাধারণকে যেকোনো সন্দেহজনক তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর আহ্বান জানানো হয়েছে।