প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাড়ছেই। নভেম্বরেও তার ব্যতিক্রম হয়নি। নভেম্বরের প্রথম ২৯ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৬৮ কোটি ১১ লাখ (২ দশমিক ৬৮ বিলিয়ন) মার্কিন ডলার। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ ৩২ হাজার ৭১০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের পুরো নভেম্বরে এসেছিল ২২০ কোটি ডলার। অর্থাৎ চলতি বছরের একই মাসে এখনো একদিন বাকি থাকতেই রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৪৮ কোটি ডলারের বেশি এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণেই রেমিট্যান্সে এই ইতিবাচাক ধারায় আছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সব শেষ অক্টোবর মাসে রেমিসট্যান্স এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ কোটি ৮৪ লাখ ডলার বেশি এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৩৯ কোটি ৫০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহ ছিল যথাক্রমে জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার।
চলতি অর্থবছরে প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ১০১ কোটি ৪৯ লাখ ডলারের (১০ দশমিক ১৫ বিলিয়ন) সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ ১ লাখ ২৪ হাজার ৩২২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৫০ পয়সা হিসাবে)।