চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের দাবিতে একই সময়ে ব্লকেড কর্মসূচি পালন করেছেন লোহাগাড়া, সাতকানিয়া ও চকরিয়া উপজেলার বাসিন্দারা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল রবিবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার বটতলী বাজারে সকাল ৯টায় অবরোধ শুরু হয়। এতে ছাত্রসহ বিভিন্ন পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে আন্দোলনকারীদের সমন্বয়ক তামিম মীর্জা বলেন, আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারকে বারবার জানানোর পরেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কাজ হয়নি। তাই আমরা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি।

এ ছাড়া একই দাবিতে সাতকানিয়া উপজেলার কেরানীহাটেও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে স্থানীয় জনগণ। বিক্ষোভকারীরা বলেন, মহাসড়কটি আজ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সরকার বার বার আশ্বাস দেওয়ার পরেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে ব্লকেড কর্মসূচি পালন করছি। এ ছাড়া চকরিয়া উপজেলার মাতামহুরী সেতুর ওপরে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন , ছাত্র-জনতার এ দাবির সঙ্গে আমরা সহমত পোষণ করছি। ইতিমধ্যে বিষয়টি চট্টগ্রাম জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের অবহিত করেছি। আশা করছি শিগগিরই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সম্প্রসারণের কাজ শুরু হবে।

চট্টগ্রামের দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, জাইকার অর্থায়নে ইতিমধ্যে এ সড়কটি  ছয় লেনে উন্নীত করার জন্য সমীক্ষার কাজ শেষ হয়েছে। সরকারের সঙ্গে জাইকার চুক্তির হওয়ার পর দ্রুত কাজটি বাস্তবায়ন করা হবে।