গোপনে বিয়ে সারলেন সামান্থা

ফের বিয়ে করলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পাত্র বলিউডের খ্যাতনামা পরিচালক রাজ নিদিমারু। বেশ কিছুদিন প্রেম করার পর সোমবার (১ ডিসেম্বর) সকালেই ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটোরে অবস্থিত লিঙ্গ ভৈরবী মন্দিরে সাতপাকে বাঁধা পড়েন সামান্থা-রাজ। কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে চুপিসারে খুব সীমিত পরিসরে আয়োজন হয় এই বিয়ের। 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে বলা হয়েছে, একান্ত গোপনে ঘরোয়া আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন সামান্থা। জানা গেছে, ইশা যোগ ফাউন্ডেশনে নিয়মিত যাতায়াত সামান্থার। আধ্যাত্মিক অনুশীলনের প্রতি গভীর অনুরাগ রয়েছে অভিনেত্রীর। তাই প্রেমিকের সঙ্গে কাগজ-কলমে সম্পর্ক বাঁধতে বিশেষ জায়গা হিসেবে এই কেন্দ্রটিকেই বেছে নিয়েছেন বলে ধারণা অনেকের। 

তবে পুরো বিষয়টি নিয়ে নীরব আছেন দু’জনই। কিন্তু নীরব নন রাজ নিদিমারুর স্ত্রী শ্যামলী দে। সামান্থা-রাজের সম্পর্ক নিয়ে শুরু থেকেই ক্ষুব্ধ তিনি। সর্বশেষ মন্তব্যে লিখেছেন, ‘বেপরোয়া মানুষজন, বেপরোয়া সিদ্ধান্ত।’ 

 

এর আগে ২০১৭ সালে সামান্থা বিয়ে করেছিলেন অভিনেতা নাগা চৈতন্যকে। সেই দাম্পত্য টেকেনি। এদিকে নাগা চৈতন্য নতুন জীবন শুরু করেছেন শোভিতা ধুলিপালার সঙ্গে। এবার সামান্থাও নতুন পথের দিকে পা বাড়াচ্ছেন।