সন্তান জন্মের আগে সদ্গুরুর দরবারে সামান্থা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পিএম

আবার কোয়েম্বাটোরের ইশা যোগ কেন্দ্রে গেলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গত পাঁচ বছর ধরে এই জায়গার সঙ্গে তার বিশেষ যোগাযোগ। তবে এবারের সফরের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে জীবনে বদল এবং শেখার অভিজ্ঞতার কথা লিখেছেন অভিনেত্রী। ছবিগুলোতে কখনও কেন্দ্রের চত্বরে হাঁটতে দেখা গেছে সামান্থাকে, কখনও আবার দেখা গেছে বাছুরের সঙ্গে সময় কাটাতে। একটি ছবিতে খাবার খেতেও দেখা গেছে তাকে। পাশাপাশি বিভিন্ন আচার-অনুষ্ঠানে অংশ নেন অভিনেত্রী। ঘুরে দেখেন লিঙ্গ ভৈরবী মন্দিরও। পোস্টে ছিল সদ্গুরুর সঙ্গে সামান্থার একটি ছবিও। 

লিঙ্গ ভৈরবী মন্দিরের সঙ্গে সামান্থার ব্যক্তিগত সম্পর্কও রয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে এখানেই ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেন তিনি। যোগ ও আধ্যাত্মিক ঐতিহ্যকে কেন্দ্র করে হয়েছিল সেই অনুষ্ঠান। এবারের সফরে নিজের গত পাঁচ বছরের পথচলার দিকে ফিরে তাকিয়েছেন সামান্থা। তার বক্তব্য, বয়স বা অভিজ্ঞতার সঙ্গে অনেক সময় মনে হতে পারে নিজের সম্পর্কে সবটাই বুঝে ফেলেছেন—কী পারেন, কোথায় সীমাবদ্ধতা, কোন জায়গায় নিজের সীমানা। কিন্তু গত পাঁচ বছরের অভিজ্ঞতা সেই ধারণা বদলে দিয়েছে। 

সামান্থার কথায়, ইশা যোগ কেন্দ্রে প্রতিটি সফরই তাকে নতুন সম্ভাবনার কথা ভাবিয়েছে। প্রতিবার সেখান থেকে ফেরার সময় তার মনে হয়েছে, এখনও আরও কিছু জানার, বোঝার এবং শেখার সুযোগ রয়েছে। লেখায় অভিনেত্রী আরও উৎসাহ দিয়েছেন অনুরাগীদের। এমন মানুষ এবং এমন জায়গার খোঁজ করতে বলেছেন, যেখান থেকে নিজেকে আরও উন্নত করার তাগিদ পাওয়া যায়। তার বার্তা, এই অভিজ্ঞতাগুলোই যেন চলার পথে শক্তি জোগায়। তাই থেমে না থেকে নিজেকে ক্রমাগত বদলে যাওয়ার এবং শেখার মধ্যে রাখার কথাই বলেছেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত