ডা. সায়েদুর রহমান

‘চিকিৎসকদের চেয়ে প্রভাবশালী আর কেউ নেই’

চিকিৎসকদের চেয়ে প্রভাবশালী আর কেউ নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। 

তিনি বলেন, দেশে চিকিৎসকদের অনেক প্রভাব। চিকিৎসকের চেয়ে প্রভাবশালী আর কেউ নেই। যত বড় আমলা বা রাজনীতিবিদ হোক, তিনি অসুস্থ হলে চিকিৎসকের ওপর নির্ভর করেন। 

রাজধানীর একটি হোটেলে রবিবার (৩০ নভেম্বর) রাতে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির ৩৮তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের প্রথমদিনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতার ৫৪ বছরেও স্বাস্থ্য সেবা অগ্রাধিকার পায়নি উল্লেখ করে ডা. সায়েদুর রহমান বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তনের কিছুটা হলেও চেষ্টা করেছে। আমরা অন্তত শুরু করেছি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা ন্যায্যতার ভিত্তিতে হয় না।  স্বাস্থ্যখাতে পর্যাপ্ত বাজেট না থাকায় দেশে সবাই সমান স্বাস্থ্যসেবা নিতে পারে না।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, জুলাই আন্দোলনে ব্যাপক অবদান রেখেছেন অর্থোপেডিক ও চক্ষু বিশেষজ্ঞরা। আল্লাহ আমাদের মেধা দিয়েছেন,তাই আমরা সেবার সুযোগ পাচ্ছি। অন্য পেশার মানুষ এমন সুযোগ পান না। আমরা যেন মানুষকে যথাযথভাবে সেবা দিই। আমাদের দায়িত্ব মানুষের পক্ষে থাকা।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।