ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাবেক ইউপি সদস্য মুসা মিয়ার (৬৫) গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামের জোয়ারার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি হোসেনপুর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে ও ছলিমাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
নিহতের ছেলে উজ্জ্বল মিয়া সোমবার সন্ধ্যায় জানায়, বাবা ড্রেজার চালাতেন এবং গত শনিবার রাতে তিনি ড্রেজারে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। এরপর থেকে বাবার সাথে আর কোনো যোগাযোগ হয়নি। রোববার বিকেলে স্থানীয়দের মাধ্যমে বিলের মধ্যে মরদেহ পড়ে থাকার খবর পাই। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত গলা কাটা মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, বাবার অনেক ঋণ ছিল। কোনো পাওনাদার বাবাকে হত্যা করেছে বলে মনে হচ্ছে। তিনি দ্রুত দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন করে লাশ বাড়িতে পাঠানো হয়েছে। সন্ধ্যা ৭টায় জানাজা হবে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সেই রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। এই ঘটনায় সোমবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলেও জানান ওসি।