সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা খাতুন (৪২) গতকাল সোমবার সকালে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন।
নিহত সাবিনা উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাশী ইউনিয়নের আছলগাতি গ্রামের হাসিনুর রহমানের স্ত্রী।
দুর্ঘটনায় শিক্ষক নিহত হওয়ার প্রতিবাদ ও সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন। তারা গাড়াদহ বকুলতলা-মোহনপুর সড়কের বলদিপাড়া এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন।
বিক্ষোভকারীরা জানান, গতকাল সকাল পৌনে ১০টার দিকে শিক্ষক সাবিনা খাতুন (৪২) অটোভ্যানে করে স্কুলে যাওয়ার পথে গাড়াদহ বকুলতলা আনসার মোড়ে একটি মাটিবাহী ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনায় ওই শিক্ষিকার সন্তান শিহাব (৭) ও ভ্যানচালকসহ তিনজন আহত হন।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়, বেপরোয়া গতিতে গাড়ি চলাচলের ফলে গত ৩দিনে এ সড়কে শিক্ষকসহ ৩জন নিহত হন।
শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে ক্লাসে ফিরে যায়।