ইসি সচিব বললেন

ভোটার নন তারেক রহমান, সিদ্ধান্ত হলে অন্তর্ভুক্তি

ভোটার তালিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম এখনো অন্তর্ভুক্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, তবে কমিশন সিদ্ধান্ত দিলে তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন এবং নির্বাচন করতেও পারবেন। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সচিব জানান, ভোটার তালিকা নিবন্ধন আইন অনুযায়ী তিনি ভোটার হতে পারবেন। যে কেউ চলমান আইন অনুযায়ী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন।

সচিব জানান, ভোটার তালিকা চূড়ান্ত করার কারণে নাম, বাবার নাম, মায়ের নাম, জন্মতারিখ, পেশা, ভোটার ঠিকানা ও ছবি এই সাতটি তথ্য পরিবর্তন করা যাবে না। ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পর কমিশন সিদ্ধান্ত নিলে আবার সংশোধনের প্রক্রিয়া শুরু করা যাবে; তখন সংশোধনের প্রস্তাব বিবেচনা করা হবে।

তিনি আরও জানান, এই মুহূর্তে স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, প্রতিবন্ধকতার ধরন, টেলিফোন নম্বর এগুলো সংশোধনের সুযোগ থাকবে। সাতটি ফিল্ডে এই মুহূর্তে সংশোধনের সুযোগ দিতে পারছি না। কারণ এসব পরিবর্তন সরাসরি ভোটার তালিকায় প্রভাব ফেলে। তিনি বলেন, নতুন এনআইডির নিবন্ধন কার্যক্রম কিন্তু চালু আছে। এটি চালু থাকবে। এখানে কোনো প্রতিবন্ধকতা নেই। ৩১ অক্টোবরের আগ পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করেছেন এবং নিবন্ধিত হয়েছেন, তারাই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। এই কাট অফ ডেটের পরে কেউ ১৮ বছর পূর্ণ করলেও তাকে তালিকায় যুক্ত করা হবে না।

আউট অফ কান্ট্রি ভোটিংয়ের বিষয়ে তিনি বলেন, ‘প্রবাসীদের ভোটের ক্ষেত্রে ১৮ ডিসেম্বর পর্যন্ত যে সময়সীমা ছিল, সেটিকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর করা হয়েছে। অর্থাৎ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। ফলে প্রোগ্রেস আরও বাড়বে। অনেক প্রবাসী বলেছেন, সময়সীমা বাড়ানো হলে ভালো হয়। আমরাও দেখলাম যে বাড়ানোর সুযোগ আছে, তাই এটি বাড়ানো হয়েছে। দ্বিতীয় বিষয়টি হলো, যেসব জায়গায় টেকনিক্যাল গ্লিচ ছিল, সেগুলো আপাতত নেই। এখন সারা বিশ্ব থেকে যেকোনো জায়গা থেকেই আমাদের এই অ্যাপ ডাউনলোড করে যে কেউ ভোটার নিবন্ধন (রেজিস্ট্রেশন) করতে পারবেন।’

ইন কান্ট্রি পোস্টাল ভোটের বিষয়ে সচিব জানান, এটার নিবন্ধন প্রক্রিয়া তফসিল ঘোষণার পর থেকে ১৫ দিনের জন্য চালু থাকবে।

তফসিল কবে হবে এমন প্রশ্নে ইসি সচিব বলেন, যেদিন তফসিল হবে, তার পাঁচ মিনিট আগে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।