চট্টগ্রামের সন্দ্বীপে এক মাহফিলে ইসলামিক বক্তার মুখে ‘পাকিস্তান পাকিস্তান, জিন্দাবাদ জিন্দাবাদ’ স্লোগান শোনা যায়-এমন ২০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অনেকে বিষয়টি নিয়ে প্রশ্ন ও সমালোচনা করছেন।
পরিস্থিতি যাচাই করে জানা গেছে, ঘটনাটি ঘটেছে সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নে রোববার অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সম্মেলনে।
অনুষ্ঠানে উপস্থিত এক দর্শক স্লোগান দেওয়ার মুহূর্তটি ভিডিও করে ফেসবুকে পোস্ট করেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়- মঞ্চে থাকা বক্তা দুই হাত উঁচু করে ‘পাকিস্তান পাকিস্তান’ বলে স্লোগান ধরেন, আর সামনে থাকা অংশগ্রহণকারীরা ‘জিন্দাবাদ জিন্দাবাদ’ বলে সাড়া দেন।
কিছুক্ষণ পর একই বক্তা ‘বাংলাদেশ বাংলাদেশ’ বলে আওয়াজ তুললে শ্রোতারাও সমস্বরে ‘জিন্দাবাদ’ উচ্চারণ করেন। এরপর তিনি ‘নারায়ে তাকবির’ স্লোগান দেন।
অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন জানিয়েছেন, তিলাওয়াত সম্মেলনে ইরান, পাকিস্তান, মিসর ও ফিলিপাইনের প্রতিযোগীরাও অংশ নিয়েছিলেন।
মঞ্চে যে দেশের প্রতিযোগী উঠেছেন, সঞ্চালক সেই দেশের নামে স্লোগান দিয়ে স্বাগত জানান- এটাই অনুষ্ঠানের নিয়ম ছিল।
এই দাবির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে প্রমাণও মিলেছে। সেখানে দেখা যায়, মিসর থেকে আসা প্রতিযোগীর মঞ্চে ওঠার সময় ‘মিসর জিন্দাবাদ’ বলে স্লোগান দেওয়া হয়।
এ বিষয়ে জানতে সাওতুল কোরআন ইনস্টিটিউটের পরিচালক হাফেজ তাওহিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা জানান, ভিডিওটি এখনো তাঁর নজরে আসেনি। তিনি বলেন, “যদি ভিডিওর ঘটনা সত্য হয়, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পুরো ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করব।”