চামড়া শিল্প, জুতা তৈরির যন্ত্রপাতি, জুতার বিভিন্ন উপকরণ, রাসায়নিক ও আনুষঙ্গিক পণ্য নিয়ে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রদর্শনী ‘লেদারটেক বাংলাদেশ-২০২৫’। ১১তম এই প্রদর্শনী বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো ভিলেজে শুরু হবে। ৪ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের এই প্রদর্শনী চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ব্যবসায়িক দর্শনার্থীরা প্রদর্শনীতে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।
আয়োজক প্রতিষ্ঠান এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া জানান, এবারের আসরে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, চীনসহ আটটি দেশ থেকে আসা প্রায় ২০০টি কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করবে। আয়োজনে কাউন্সিল ফর লেদার এক্সপোর্টস ইন্ডিয়া (সিএলই), পাকিস্তান ট্যানার্স অ্যাসোসিয়েশন (পিটিএ), ইন্ডিয়া ফুটওয়্যার কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনসহ (ইফকোমা) চীনের গুয়াংডং সু-মেকিং মেশিনারি অ্যাসোসিয়েশনের (জিএসএমএ) পৃথক পৃথক প্যাভিলিয়ন থাকবে।
জানা গেছে, লেদারটেক বাংলাদেশ-২০২৫-এ প্রদর্শিত প্রযুক্তি, উপকরণ ও আনুষঙ্গিক সামগ্রী সংশ্লিষ্ট শিল্প-কারখানার জন্য প্রদর্শন করা হবে। বিশেষ করে, যারা উৎপাদন বাড়াত, নতুন পণ্য আনতে কিংবা নতুন করে এই খাতে বিনিয়োগের পরিকল্পনা করছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে এই প্রদর্শনী।
দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত তৈরি পোশাকের পরই বাংলাদেশের চামড়া ও জুতাশিল্পের অবস্থান। বিশ্ববাজারের চামড়াজাত পণ্যের ৩ শতাংশ এবং বৈশ্বিক চামড়ার চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ করে এই শিল্প। শিল্পনীতি ২০২২-এ রপ্তানি বহুমুখীকরণের অগ্রাধিকার খাত হিসেবে তালিকাভুক্ত হওয়ায় খাতটি এখন বৈশ্বিক উৎসের একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে কাজ করছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবরে রপ্তানিতে বাংলাদেশ চামড়া ও জুতাশিল্প ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রেখেছে। চলতি অর্থবছরে রপ্তানিতে ৯ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধিতে ৫৯১ দশমিক ৫ মিলিয়ন ডলার আয় করে চামড়া ও জুতা খাত, যা গত বছর একই সময় ছিল ৫৩৯ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার।