যশোরে চোরাই ইজিবাইক কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে এক নারী ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত গ্রাম-পুলিশ সদস্যকে গণধোলাই দেয়। গতকাল মঙ্গলবার সকালে জেলা সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত নারী ও গ্রাম-পুলিশ উভয়েই হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইক চুরি-সংক্রান্ত একটি বিষয় নিয়ে মীমাংসার জন্য কৃষ্ণবাটি গ্রামের সোনিয়া নামের এক নারী আরবপুর ইউনিয়ন পরিষদের গ্রাম-পুলিশ সদস্য ম-লগাতি গ্রামের জিন্নাত আলীকে ডেকে আনেন। কথোপকথনের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে তুমুল বাগবিত-া সৃষ্টি হয়। এ সময় জিন্নাত আলী ক্ষিপ্ত হয়ে সোনিয়ার পায়ে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন জড়ো হয়ে জিন্নাত আলীকে আটক করে গণধোলাই দেন। এতে তিনিও গুরুতর আহত হন। পরে তাদের আত্মীয়স্বজন দ্রুত উভয়কে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে। ছুরিকাঘাতে আহত নারীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।