বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার পর হাসপাতালে আসেন সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রধান। তারা বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার খোঁজখবর নেন। রাত ৯টার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান হাসপাতাল থেকে বের হন। এর কিছুক্ষণ পর বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন হাসপাতালে আসেন। রাত সাড়ে ৯টার দিকেও নৌ ও বিমানবাহিনীর প্রধানরা হাসপাতালে অবস্থান করছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায়ও সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানদের রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা জানানো হয়েছে।
এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা ঘিরে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সেখানে নিয়োজিত করা হয়েছে। কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে হাসপাতালের প্রধান ফটক।