ঘরের মাঠে নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে মহাবিপদে আছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। চ্যাম্পিয়নস ট্রফি এবং এশিয়া কাপ জয়ের কথাও যেন সবাই ভুলে গেছে। এমন সময়ে গম্ভীরের পাশে দাঁড়ালেন তার সাবেক ছাত্র আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তার মতে, মানুষ এবং কোচ হিসেবে গম্ভীর অসাধারণ।
গম্ভীরের অধীনে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেছেন গুরবাজ। গম্ভীরকে ঘিরে সমালোচনার বিষয়ে তিনি বলেন, ‘যদি ভারতের ১৪০ কোটি মানুষের মধ্যে ২–৩ মিলিয়ন মানুষ তার বিপক্ষে থাকে, বাকি সবাই গৌতম স্যারের পাশে। এইসব সমালোচনা তুচ্ছ। তিনি মানুষ এবং কোচ হিসেবে সেরা। তার অধীনেই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জিতেছে। তাই এক সিরিজের ফলাফলের কারণে তাকে দোষারোপ করা ঠিক নয়।’
গুরবাজের মতে, গম্ভীর কলকাতা নাইট রাইডার্সে এমন একটি পরিবেশ তৈরি করেছিলেন যা ক্রিকেটারদের চাপমুক্ত রাখত। সেইসঙ্গে সবকিছু সহজ এবং শৃঙ্খলাপূর্ণ ছিল, যার ফলে দল উন্নতি করতে পারছিল। গুরবাজের ভাষায়, ‘তিনি খুব কঠোর নন, তবে শৃঙ্খলার ক্ষেত্রে কোনো ছাড় দেন না। ড্রেসিংরুমের পরিবেশ ভালো থাকলে খেলোয়াড়েরা নিজেদের সেরাটা উপহার দিতে পারে। নাইট রাইডার্সের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা ছিল দুর্দান্ত।’
আসন্ন আইপিএল নিলামের বিষয়ে গুরবাজ বলেন, ‘আমি নিলামের তালিকায় আছি। দেখব কারা আমাকে নিতে চায় এবং আমি কোন দলে খেলার যোগ্য। সামনে একটি দারুণ সিজন আশা করছি। কলকাতার পাশাপাশি দিল্লিও আমার প্রিয়। আসলে দিল্লি আমার জন্য যেন বাড়ির মতো। যখন আমি দিল্লিতে থাকি, তখন মনে হয় যেন আফগানিস্তানেই আছি।’