ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে নাটকীয় ম্যাচে ২–২ গোলে ড্র করেছে টটেনহ্যাম হটস্পার। এই ম্যাচে অবিশ্বাস্য পারফরম্যান্সে দলকে হার থেকে বাঁচান টটেনহ্যামের আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। একটি ডাইভিং হেডার ও একটি চোখধাঁধানো বাইসাইকেল কিকে তিনি করেন দুটি গোল। ম্যাচ শেষে অনুপ্রেরণা হিসেবে মহাতারকা লিওনেল মেসির নাম উচ্চারণ করেন রোমেরো।
ম্যাচের ৯৫তম মিনিটে রোমেরোর বাইসাইকেল কিক থেকে অবিশ্বাস্য গোলটি টটেনহ্যামকে হার থেকে রক্ষা করে। সেই গোলের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ম্যাচ শেষে টেলিভিশন সাক্ষাৎকারে রোমেরো বলেন, ‘এটা সত্যিই সুন্দর একটি গোল ছিল। যখনই আমি আর্জেন্টিনা জাতীয় দলে থাকি, প্রতিদিনই মেসির কাছ থেকে নতুন কিছু শিখি।’
রোমেরো স্বীকার করেন, বর্তমানে টটেনহ্যাম কঠিন সময় পার করছে। দলটি সর্বশেষ জয় পেয়েছিল ৪ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে কোপেনহেগেনের বিপক্ষে ৪–০ গোলে। এরপর টানা বাজে পারফর্ম করে যাচ্ছে দলটি। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ড্র, নর্থ লন্ডন ডার্বিতে আর্সেনালের কাছে বড় হার, চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে পরাজয় এবং ঘরের মাঠে ফুলহামের বিপক্ষে হার—সব মিলিয়ে চাপে ছিল টটেনহ্যাম শিবির।
এই সংকটময় সময়ে নিউক্যাসলের বিপক্ষে শেষ মুহূর্তে অসাধারণ এক পারফরম্যান্সে দলকে হার থেকে রক্ষা করেন রোমেরো। তার এই দুই গোলেই টটেনহ্যাম অন্তত এক পয়েন্ট নিশ্চিত করতে পেরেছে। দলের বর্তমান অবস্থা নিয়ে রোমেরো বলেন, ‘শেষ তিন–চারটি ম্যাচে আমরা নিজেদের মান অনুযায়ী খেলতে পারিনি। সময়টা সত্যিই কঠিন যাচ্ছে।’