নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছ থেকে তিনি দলের নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেন।
বৈঠক শেষে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কমিশন কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক দলকে নিবন্ধন সার্টিফিকেট দেওয়া হয়, সেটি আমরা গ্রহণ করেছি। এনসিপি একটি নিবন্ধিত দল হিসেবে এখন থেকে কাজ করবে। এই নিবন্ধন সার্টিফিকেটের সঙ্গে আমাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। অনেক চড়াই উতরাই পার হয়ে প্রতীক পেয়েছি শাপলা কলি। এই শাপলা কলি প্রতীকে এবার এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে, গ্রাম বাংলার মানুষের প্রতীক হিসেবে শাপলা কলি এবার নির্বাচনে থাকবে। নিবন্ধনের শুরু থেকেই কেন্দ্রীয় ও তৃণমূল নেতারা অক্লান্ত পরিশ্রম করেছেন। ইসি ও এনসিপির শুভাকাঙ্ক্ষীসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন, নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবনা অনুযায়ী আরপিওতে পরিবর্তন এনেছে। প্রত্যেকটা দল তাদের স্ব স্ব প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আমরা এনসিপির পক্ষ থেকে এই সংস্কার প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়েছি। আমরা মনে করি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চর্চার জন্য এই নিয়মটি প্রয়োজন। প্রত্যেকটা দলকে তার নিজস্ব প্রতীকে, নিজস্ব মার্কায়, নিজস্ব আদর্শে রাজনীতি করা উচিত। কোনো দলের সাথে জোট বা সমঝোতা হলেও তার প্রতীক আলাদা হওয়া উচিত।
তিনি বলেন, আমরা বলেছি হলফনামায় প্রার্থীরা যে তথ্য নির্বাচন কমিশনকে দিয়ে থাকবে, সেই তথ্য যাতে ইসি যাচাই-বাছাই করে। সেই তথ্যে যদি ভুল থাকে, ইসির পক্ষ থেকে যাতে ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া নির্বাচন কমিশন কর্তৃক যে আইন, সে আইন যাতে সবার জন্য সমানভাবে প্রয়োগ হয়।
দলটির আহ্বায়ক বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। এখন যে ডিসি, এসপি বদলি হচ্ছে, সে বিষয়ে যেন ইসি খেয়াল রাখে। এই বিষয়ে যেন ইসি ব্যবস্থা নেয় এবং নিরপেক্ষ লোক যেন নিয়োগ হয়।
নাহিদ ইসলাম বলেন, তফসিলের বিষয়ে ইসি আমাদের সুস্পষ্টভাবে জানায়নি। ইসি মিডিয়াতে বলেছে হয়তো আগামী দুই-এক সপ্তাহের মধ্যে দেবে। আমরা বলেছি বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখেই তারা যাতে তফসিলের ঘোষণাটি দেয়। তফসিল এমন সময়ে দেওয়া হোক, যখন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে। আমরা বলেছি বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখেই ইসি যাতে তফসিলের ঘোষণাটি দেয়।
সিইসির সাথে বৈঠকে আরো উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।