পুঁজিবাজার

বিনিয়োগকারীদের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন

বিনিয়োগকারীদের বৃহৎ সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। ৭১ সদস্যের কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী মো. নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সাজ্জাদুল হক। পরিষদের সদস্য সচিব মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২ ডিসেম্বর নতুন কমিটি গঠন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১ ডিসেম্বর দুপুর ৩টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলরুমে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নবগঠিত কমিটি অনুমোদিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি একেএম মিজান-উর-রশিদ চৌধুরী এবং সঞ্চালনা করেন সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল হক (হারুন)। নবগঠিত কমিটি ঘোষণা ও অনুমোদিত করেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. আলমগীর হোসেন।

পুনর্গঠিত বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি হিসেবে মো. নুরুল হক (হারুন), সহসভাপতি এ কে এম শাহাদাত উল্লাহ ফিরোজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য সচিব মো. আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইশতিয়াক, সাংগঠনিক সম্পাদক মো. মহসীন, অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন খানসহ আরও অনেকে নির্বাচিত হয়েছেন। তবে ৭১ সদস্যের এ কমিটির এখনো কিছু পদ ফাঁকা রয়েছে। খুব শিগগিরই তা পূরণ করা হবে।