গ্লোবাল সোর্সিং এক্সপোতে ৩ লাখ ডলারের ক্রয়াদেশ

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী গ্লোবাল সোর্সিং এক্সপোর পর্দা নেমেছে। এবারের আয়োজনে ৩ লাখ ১১ হাজার মার্কিন ডলারের পণ্য রপ্তানির ক্রয়াদেশ পেয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। একই সঙ্গে আরও ৩ লাখ ৭২ হাজার ডলারের ক্রয়াদেশের প্রস্তাবনা পাওয়া গেছে। ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে গতকাল বুধবার আয়োজিত সমাপনী অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ এসব কথা জানান।

ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বলেন, অল্প সময়ের প্রস্তুতিতে সোর্সিং এক্সপো আয়োজন করতে হয়েছে। ফলে এ বছর অনেক সীমাবদ্ধতা ছিল। আন্তর্জাতিক মানের এই সোর্সিং এক্সপো ভবিষ্যতে নিয়মিতভাবে আয়োজন করা হবে।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। আটটি সেক্টরের পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণে প্রাণ আরএফএল গ্রুপ, তৈরি পোশাকে শিশু পরিবহন, ফার্নিচার অ্যান্ড হোম ডেকোরে হাতিল, আইটি অ্যান্ড আইটি সার্ভিসে ডিজি ইনফোটেক, পাট ও পাটজাত দ্রব্যে প্ল্যানেট কেয়ার, চামড়া ও চামড়াজাত পণ্যে এলএফএমইএবি, ফার্মাসিউটিক্যালসে রেডিয়্যান্ট এবং প্লাস্টিক ও কিচেন ওয়্যারে বেঙ্গল প্লাস্টিক।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বিকেএমইএর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান, ফার্নিচার মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান এবং বিপিজিএমইএর প্রেসিডেন্ট শামীম আহমেদ।

তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ এক্সপোতে এ বছর ১২৫টি প্রতিষ্ঠান ১৬৫টি স্টলে অংশগ্রহণ করে। বিশ্বের ১৪টি দেশের শতাধিক আন্তর্জাতিক ক্রেতা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেন। এ ছাড়া বিদেশি ক্রেতারা দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ও কারখানা পরিদর্শন করেন।